সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬ জন শিক্ষার্থীর হাতে মোট ২৯ লাখ ৩২ হাজার টাকার বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) সকালে জলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে সিরাজগঞ্জ পৌর শহরের অফিসার্স ক্লাব হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ যারা এই বৃত্তি পাচ্ছে, তাদের এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই। তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে বড় অবদান রাখবে। শিক্ষাই উন্নয়নের মূল ভিত্তি। সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদ সবসময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। একটি নিরাপদ ও উন্নত দেশ গড়ে তুলতে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। নীতি ও নৈতিকতায় সমৃদ্ধ জনশক্তি গঠনের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান।