বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইরানের বন্দরগুলো অবরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর বাজারে এর প্রভাব পড়েছে।
সোমবার (১৩ এপ্রিল) থেকে সম্ভাব্য অবরোধ কার্যকর হওয়ার আশঙ্কায় লেনদেনের শুরুতেই তেলের দামে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত (ক্রুড) তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ার কারণেই বাজারে এ চাপ তৈরি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার প্রতি ব্যারেল। পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।
এর আগে গত শুক্রবার পাকিস্তানের একটি বৈঠকের খবর ছড়িয়ে পড়লে জুন মাসের সরবরাহ ঘিরে আশাবাদ তৈরি হয় এবং তেলের দাম সাময়িকভাবে কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল।