বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। তিনি পদোন্নতির পূর্বে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত তিনি স্বপদে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন। গত রোববার বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ-১ থেকে এ বিষয়ে অফিস অর্ডার ইস্যু করা হয়েছে।
জানা গেছে, নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর মাস থেকে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক পরিচালিত হচ্ছে। যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকে তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ। এসব বিভাগে কর্মরত অবস্থায় তিনি নীতি প্রণয়ন, আর্থিক তদারকি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পাশাপাশি জার্মানি থেকে সনদপ্রাপ্ত রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (সিইআরএম) ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জন্ম গ্রহণ করেন।