কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্ন। টানা কয়েকদিনের অব্যাহত ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের প্রধান ফসল বোরো ধান ডুবে যাচ্ছে। হাওরের উপজেলা ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, তাড়াইল, নিকলি, করিমগঞ্জ, বাজিতপুরের বিস্তীর্ণ জমির ফসল তলিয়ে যাচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হাওরের ২ হাজার ৪০ হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে বর্তমানে পাকা, আধা পাকা ধান ক্ষেতে পানি উঠায় হারভেষ্টার মেশিন দিয়ে কাটা সম্ভব হচ্ছে না। ঘন ঘন বজ্রপাতের কারণে এবং শ্রমিক সংকটের কারণে ১৫০০/-টাকা দিয়ে ও ফসল কাটা যাচ্ছে না। ফলে ধান কাটা স্থবির হয়ে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাদিকুর রহমান জানান, ধান কাটা ও মাড়াই মাঝামাঝি পর্যায়ে ছিল। হঠাৎ প্রবল বৃষ্টির কারণে কৃষক সংকটে পড়ে গেছে। অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।