কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নতমানের আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার এবং ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিনামূল্যে প্রদান করা হয়। এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে আউশ ধানের ফলন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। তিনি তার বক্তব্যে বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী ও উৎপাদনমুখী করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। এর ফলে কৃষকরা কম খরচে অধিক উৎপাদনে উৎসাহিত হচ্ছেন।