মাহামুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে কৃষকদের লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম। দিন-রাত কৃষকদের পাশে থেকে তিনি মাঠ পর্যায়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন, যার ফলে স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা।

জানা গেছে, জহিরুল ইসলাম নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আধুনিক কৃষি পদ্ধতি, ফসলের পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। তার এই উদ্যোগে কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবজি ও অন্যান্য লাভজনক ফসলের চাষ বৃদ্ধি পেয়েছে।

কথা হয় কচ্ছপিয়া ইউনিয়নের বড়জাংছড়ি গ্রামের কৃষক মোস্তাক আহমেদের সঙ্গে। তিনি জানান, ৩০ শতক জমিতে তিত করলা চাষ করেছেন এবং এ বছর ফলন অত্যন্ত ভালো হয়েছে। তিনি আশা করছেন, বাজারে ভালো দাম পেলে উল্লেখযোগ্য লাভ করতে পারবেন।

মোস্তাক আহমেদ বলেন, “কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী চাষ করেছি। নিয়মিত খোঁজখবর নেওয়ায় ফসল ভালো হয়েছে। আমরা অনেক উপকৃত হচ্ছি।”

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “কৃষকদের লাভজনক ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিকর তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে। কৃষকদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয়রা মনে করছেন, কৃষি বিভাগের এমন তৎপরতা অব্যাহত থাকলে এ অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন।