ঢাকা ১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেলো। তো এখন আমাদের সড়ক মন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী বললেন যে 'স্বস্তি'র যাত্রা ছিল। এখন আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? তিনি সড়ক মন্ত্রীকে পদত্যাগের চিন্তা করতে বলেছেন।

গতকাল সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যেটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে গতকালকে আমাদের মাননীয় সড়ক মন্ত্রী ঈদ যাত্রা সম্পর্কে একটা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে ঈদ যাত্রা স্বস্তির ছিল। তো ঈদ যাত্রার 'স্বস্তি'টা একটু আমি আপনাদের সামনে বলতে চাই আপনাদের মাধ্যমে। আমাদের বিআরটিএ-র রিপোর্ট অনুযায়ী এই ঈদ যাত্রায় ১৭০ জন মারা গেছে। আর যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ৩৭০ জন। এরপরে আমরা দেখলাম যে দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেলো। তো এখন আমাদের সড়ক মন্ত্রী বললেন যে 'স্বস্তি'র যাত্রা ছিল। এখন আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? আরও কথা আছে। এবং এই যে দৌলতদিয়ায় এত মর্মান্তিকভাবে লোক মারা গেলো, সেখানে সড়ক মন্ত্রী গেলেন না। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাত্র ২৫ হাজার টাকা জীবনের মূল্য ধরা হলো। ২৫ হাজার টাকা! আর আহতের জন্য ১৫ হাজার টাকা। আমার প্রশ্ন হলো যে এরকম একটি কন্ট্রাডিক্টরি বিবৃতি দিলেন। এখন সড়ক মন্ত্রী কি এ ব্যাপারে... আমরা যে ওয়েস্টমিনস্টার ফলো করি, ব্রিটেন হলে তো তিনি পদত্যাগ করতেন! তিনি এরকম কোনো চিন্তা করবেন কিনা? তিনি কোনো চিন্তা করবেন কিনা?