কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।
আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন গণমাধ্যমকে জানান, এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ উদ্ধার করেন। যেখানে আমার এক ছেলেও রয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।