চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পর নগরের লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন নতুন কমিশনার।

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন হাসান মো. শওকত আলী। কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, রর্‌্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করেছেন।

সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে কর্মরত ছিলেন।