ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা যুবদল।

গত শুক্রবার রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর ফতেহপুর এলাকায় ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলুর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুদ্দিন শিবলু শর্শদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ফেনী আলীয়া মাদরাসার ছাত্রদলের আহ্বায়ক।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় একটি ইটভাটায় মাটি পরিবহনকে কেন্দ্র করে তাদের কাছে চাঁদা দাবি করা হয়। এতে বাঁধা দিলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে এ হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ, যুবদল নেতা মানিক অপু এবং তাদের অনুসারীরা।

শুক্রবার সকাল থেকে দফায় দফায় হামলার পর সন্ধ্যায় পেট্রল ঢেলে বসতঘর ও পাকাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে বসতঘর সহ আরো কয়েকটি ঘর ভস্মিভূত হয়ে যায়।

এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ নিয়ে শর্শদী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ‘অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।’

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং পাশের ঘরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

খবর পেয়ে ঘটনাস্থর পরিদর্শন করেছেন জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খোন্দকার। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতাদের সকল ধরনের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করে। কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।