বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ বন্ধ হয়নি। দুর্নীতি, টেন্ডারবাজি, চলছেই। এসমস্ত অপরাধ বন্ধ করতে হলে কুরআনের আইন চালু করতে হবে। পবিত্র রমযান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে।
গতকাল রোববার বিকেলে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত তার প্রমাণ এ দেশের মানুষ বার বার পেয়েছে। জামায়াত নেতাদের অধীনে তিনটি মন্ত্রণালয় ছিল, জামায়াত পরিচালিত মন্ত্রণালয়ের এক টাকার দুর্নীতিও পাওয়া যায় নাই। ৫ তারিখের পর থেকে আজ পর্যন্ত জামায়াত কোথাও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব করে নাই। দেশের জনগণের কাছে আজ জামায়াত একটি আস্থার নাম। দলে দলে মানুষ আজ জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।
উল্লাপাড়া পৌরসভা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর ডঃ নজরুল ইসলাম, আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, অফিস সেক্রেটারি আব্দুুল বারী প্রমুখ।