রাষ্ট্রপতি হিসেবে নিজের সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন বিএনপির দলীয় নাকি বাইরের কেউ, তা নির্ধারণ করা হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকেই। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে।

শনিবার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া’র দুইদিন ব্যাপি ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, রেজাউল করিম বাদশা এমপি, মোশারফ হোসেন এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরিন (রনি)। সভায় একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও বক্তব্য রাখেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। প্রবন্ধে তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সংকট দূরীকরণে সরকারের দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আরডিএ পানিসাশ্রয়ী সেচ, সৌরচালিত সেচ, আইওটি সেচ প্রযুক্তি, চরাঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, পল্লী জনপদ ও নারী বীজ উদ্যোক্তা মডেলের মতো যুগান্তকারী প্রযুক্তি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথ বেছে নিতে হবে। দেশকে এগিয়ে নিতে প্রতিটি গ্রামকে আধুনিক অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধায় রূপান্তর করা জরুরি এবং আরডিএ বগুড়া সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি তরুণদের সঠিক নিয়োগ ও কর্মসংস্থান তৈরি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সর্বজনীন ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ, কৃষকের ফসলের ন্যায্যমূল্য এবং শ্রমিকের সঠিক মজুরি নিশ্চিত করে ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চতুর্থ শিল্প বিপ্লবের (৪আইআর) চ্যালেঞ্জ মোকাবিলা এবং আরডিএকে একটি আন্তর্জাতিক মানের ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার জন্য অনুষদ সদস্যদের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসরণের পরামর্শ দেওয়া হয়। আরডিএ বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মোঃ দেলোয়ার হোসেনের আহ্বানে আয়োজিত এ সম্মেলনে উন্মুক্ত আলোচনা, উদ্ভাবিত পণ্যের প্রদর্শনী এবং গবেষণা বিষয়ক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।