বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জনদুর্ভোগ, সড়ক দুর্ঘটনা, যানজট, জননিরাপত্তাহীনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা সরকারের সামগ্রিক ব্যর্থতাকেই স্পষ্টভাবে তুলে ধরেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উত্তর থানা শাখা কর্তৃক আয়োজিত ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উপলক্ষ্য। কিন্তু যথাযথ পরিকল্পনা, সমন্বয় এবং কার্যকর তদারকির অভাবে সাধারণ মানুষকে ঈদযাত্রায় চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। দেশের বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা জনগণের উদ্বেগ আরও বাড়িয়েছে।
তিনি বলেন, ঈদের সময় মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা নিয়ে ঈদ পালন করতে হচ্ছে। সড়ক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের ব্যর্থতা অত্যন্ত দুঃখজনক।
ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, কোরবানির পর দেশের বিভিন্ন শহর ও জনপদে বর্জ্য অপসারণ কার্যক্রমে সমন্বয়ের অভাব এবং ধীরগতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। জনগণ কর প্রদান করলেও তারা মৌলিক নাগরিক সেবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত মানের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ঈদুল আযহার শিক্ষা হলো ত্যাগ, দায়িত্ববোধ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ। রাষ্ট্র পরিচালনায়ও এই মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। জনগণের দুর্ভোগ লাঘব, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান।
ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী উত্তর সেক্রেটারি মাওলানা বশির আহমেদ, বায়তুলমাল সম্পাদক হাসান শরিফ রুবেল, তরবিয়ত সম্পাদক মাওলানা ওসমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।