বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসাইন বলেন, সরকারকে গঠনমূলক কাজে সহযোগিতা করা হবে, তবে জুলাই সনদের বাস্তবায়নের প্রশ্নে কোনো আপোস বা ছাড় দেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিনের সভাপতিত্বে কুষ্টিয়া শহরের হাজী শরিয়ত উল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার সকল ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবু সাদিক, জেলা নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক ভূমিকা বৃদ্ধি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সকল পর্যায়ের দায়িত্বশীলদের আন্তরিকতা, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।