বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান স্কুল ম্যানেজিং কমিটিতে কওমি মাদরাসার পাশাপাশি আলিয়া মাদরাসার শিক্ষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

গতকাল রবিবার বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, সরকার স্কুল ম্যানেজিং কমিটিতে কওমি মাদরাসার প্রতিনিধি রাখার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ সিদ্ধান্ত দেশের বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। এজন্য তিনি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বহুমুখী ও বৈচিত্র্যময়। সাধারণ শিক্ষা, কওমি মাদরাসা এবং আলিয়া মাদরাসা- এই তিন ধারার সমন্বিত অগ্রগতির মাধ্যমেই একটি মানবিক, নৈতিক ও দক্ষ জাতি গঠন সম্ভব। কিন্তু বর্তমান প্রস্তাবনায় আলিয়া মাদরাসার শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করা হলে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাধারা উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডাঃ ইরান বলেন, আলিয়া মাদরাসা সরকার স্বীকৃত ও জাতীয় শিক্ষা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধারার শিক্ষকেরা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই স্কুল ম্যানেজিং কমিটিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য, সমন্বয় ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। প্রেসবিজ্ঞপ্তি