গণভোটের রায় রক্ষায় ৩ দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর ৩ এমপি। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনের সংসদ সদস্য) মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য (ঢাকা-৪ আসনের সংসদ সদস্য) সৈয়দ জয়নুল আবেদীন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য (শেরপুর-১ আসনের সংসদ সদস্য) হাফেজ রাশেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের পাশে গিয়ে তাদের দাবির স্বপক্ষে সংহতি প্রকাশ করেন।
এসময় নেতৃবৃন্দ, অনশনরত সংকটাপন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মুনেম, সাকিবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজের শারীরিক খোঁজ-খবর নিয়ে তাদেরকে অনশন ভাঙ্গার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের উপর অনঢ়।
সাংসদ কামাল হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় মেনে নিয়ে শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। আর কোনো মায়ের বুক খালি না করতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের সর্বপ্রথম কাজ হচ্ছে গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহন না করে পাশ কাটিয়ে যেতে চাচ্ছে।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসলে ঐ সরকার আর টিকতে পারে না। তাই শিক্ষার্থীদের রাজপথে নামতে বাধ্য না করে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
এসময় ডাকসু নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত-শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।