চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের আয়োজনে বার্ষিক শিক্ষক কর্মচারী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় টাউন ক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতির পথে এগিয়ে যাবে। তিনি বলেন, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এমপিওভুক্ত কলেজ ও বিদ্যালয়গুলোকে জাতীয়করণে সর্বাত্মকভাবে চেষ্টা করা হবে। তিনি শিক্ষক কর্মচারীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাসানুল মবিন, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল সমিতির সাধারণ সম্পাদক ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহসান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার জাহান, কোদালকাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এদিকে, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকন্ঠ বারোঘরিয়া এলাকার মরিচার বিলে দীর্ঘদিন ধরে সেচ সমস্যার কথা শুনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল পরিদর্শন করেছেন। গত শুক্রবার বিকেলে তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির বিষয়টি শোনেন। কৃষকরা জানান, খাল ভরাট ও পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জমিতে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ফসল উৎপাদনে প্রভাব পড়ছে। এ সময় এমপি বুলবুল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বিশেষভাবে খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন। সংসদ সদস্য বলেন, কৃষকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং যাতে এ ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। স্থানীয় কৃষকরা এমপি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।