সুদান ও ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ ও ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ ২৮ এপ্রিল এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

দক্ষিণ সুদানের রাজধানী জুবা-এর উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হয়।

প্রদত্ত শোকবার্তায় তিনি বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবা-এর উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সকলেই মর্মান্তিকভাবে নিহত এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এসব হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, এসব দুর্ঘটনায় উভয় দেশের নিহতদের পরিবার-পরিজন এবং উভয় দেশের সরকার ও জনগণের সাথে আমরাও শোকাহত। আমরা আশা প্রকাশ করছি অতি শীঘ্রই উভয় দেশের সরকার ও জনগণ তাদের এই বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।