মিয়া হোসেন, লংমার্চ বহর থেকে
বৃষ্টিতে ভিজে লং মার্চকে স্বাগত জানালো নারায়ণগঞ্জবাসী। ঢাকা থেকে বের হওয়ার মুখে চিটাগাং রোড এলাকায় পথসভার আয়োজন করে নারায়ণগঞ্জ জামায়াত। সেখানে লং মার্চের গাড়ি বছর পৌঁছার সাথে সাথে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা।
শতশত মানুষের উচ্ছ্বাস আর দাবি আদায়ের বিপ্লবী স্লোগানে পথসভা এক অন্যরকম আবহে রূপ নেয়। বৃষ্টির মধ্যেই প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। চব্বিশের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। জনগণের চুলায় গ্যাস পৌঁছে দেয়ার জন্য। জনগণের ঘরে বিদ্যুতের বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল জনগণের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা জনগণের সাথে আছি, আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়বো। আমরা সফল হবো। আজকের লংমার্চ শেষ নয় শুরু।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা আবদুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।