জুলাই সনদ, সংবিধান সংস্কার সহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক: জনাব মোঃ মোবারক হোসাইন।
গতকাল শনিবার বিকালে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন, এদেশের ৭০% মানুষ বুঝে-শুনেই গণভোটের রায় দিয়েছেন। সুতরাং এই গণভোটের রায়কে মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো এবং সেই মতামতের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। তাই দেরি না করে অবিলম্বে জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং গণভোটে প্রদত্ত সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে দেশের মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। এদেশের মানুষ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন: ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর এমপি, অধ্যাপক মতিয়ার রহমান এমপি, মাওলানা আবু তালিব এমপি, কাজী সগীর আহমেদ, আব্দুল আলীম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির, এনসিপির জেলার নেতৃবৃন্দ।
সমাবেশ পরবর্তী মিছিল ওয়াজির আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।