চাঁপাইনবাবগঞ্জে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির শহর শাখা সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও ছাত্রশিবির শহর শাখার সভাপতি ইউসুফ গালিব। বক্তারা বলেন, গণভোট একটি জাতির গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার, যেখানে জনগণ সরাসরি তাদের মতামত প্রদান করেন। সেই গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু গণতন্ত্রের প্রতি অবজ্ঞাই নয়, বরং জনগণের অধিকার হরণের সামিল। বক্তারা আরও বলেন, জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা দায়িত্বশীল সরকারের কর্তব্য। অথচ দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সরকার নানা অজুহাতে জনরায় বাস্তবায়ন বিলম্বিত করছে। এতে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণভোটের ফলাফল বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তারা সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের বিকল্প নেই। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয় এবং দ্রুত জনরায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন, শহর শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।