রংপুর অফিস, বদরগঞ্জ ও তারাগঞ্জ সংবাদদাতা : রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের উন্নতির জন্য আন্তরিকভাবে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আমরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ গড়তে জনগণের কাছে যে ওয়াদা করেছি সে মোতাবেক রাষ্ট্রের সম্পদ সততার সাথে জনগণের কল্যাণে তাদের হাতে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, আমি বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলার সকল মানুষের জন্য এমপি নির্বাচিত হয়েছি। সরকারী বরাদ্দ যা আসবে তার সবটুকুই জনগণের মাঝে বিতরণ হবে ইনশাআল্লাহ।

তিনি গতকাল শনিবার সকালে বদরগঞ্জ উপজেলা পরিষদের পিআইও কার্যালয় চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান, কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ, জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১৫ কেজির খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেল, লবণ, চিনি, হলুদ মরিচ ও ধনিয়া বিতরন করা হয়। এছাড়া ২০টি কৃষি পরিবারের মধ্যে ১০০ কেজি হলুদ বীজ সহ ১০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এটিএম আজহারুল ইসলাম এমপি একই দিন দুপুরে তারাগঞ্জ উপজেলা হল রুমে আয়োজিত অপর এক অনুষ্ঠানে কৃষি বিভাগের প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে উন্নত জাতের ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ৫টি ইউনিয়নের ১৫টি ইয়াতিমখানায় ক্যাপিটেশনগ্রান্টের সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে এটিএম আজহারুল ইসলাম উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের পঞ্চায়েত পাড়া মসজিদের এবং খিয়ার ডাঙ্গা কবর স্থানের সীমানা প্রাচীরের ভিত্তি স্থাপন করেন।