বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ওই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গতকালের উপনির্বাচন প্রমাণ করেছে যে কোনো দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে এবং নির্বাচনে ব্যাপক অনিয়ম করেছে। এর ফলে বগুড়া ও শেরপুরের নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অবিলম্বে এই দুই আসনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, গণভোটের রায় নিয়ে বর্তমান সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তির কোনো পথ নেই। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা ফলপ্রসূ হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা উপনির্বাচনের কথিত অনিয়ম রোধে ব্যর্থতার জন্য প্রশাসনের সমালোচনা করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নির্বাচন বাতিল ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।