মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৮ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ায় প্রতিশোধমূলক এ হামলা তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, শনিবার সন্ধ্যা ৬টা (ইস্টার্ন টাইম) থেকে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, এসব হামলার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের হুমকি সৃষ্টির ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং আগের রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে দ্রুত শাস্তি দেওয়া।

সেন্টকম জানিয়েছে, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রতিরক্ষামূলক অভিযান চালানোর সময় দুই মার্কিন সেনা নিহত হন এবং আরেকজন নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আহত চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত অন্যান্য সেনারা চিকিৎসা শেষে আবারও দায়িত্বে ফিরেছেন।

নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না বলেও জানিয়েছে সেন্টকম। পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর পরিচয় প্রকাশ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত সেনাদের প্রতি শোক প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা কখনোই এমন কিছু দেখতে চাই না। তারা আমাদের দেশের সেবায় জীবন দিয়েছেন।

অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স-এ লিখেছেন, বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।