জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে এবার সামনে এসেছেন এক শহীদ যোদ্ধার বোন। তিনি আন্দোলনের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত দাবিগুলো পূরণের জন্য ‘জুলাই সনদ’ প্রণয়ন এবং গণভোটের রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি এই আকুতি প্রকাশ করেন।

শহীদের বোন বলেন, আমরা আন্দোলনে এসে ভুল করেছি। দেশের জন্য আর কেউ জীবন দিতে আসবেন না। আমি ছাড়া আমার মায়ের পাশে আর কেউ নেই। বাইরে গেলে আমার মা সবসময় ভয়ে থাকেন।

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর পর পরিবার চরম কষ্টে রয়েছে এবং নিয়মিত খোঁজ নেওয়ার মতো কেউ পাশে নেই।’

তিনি বলেন, আমার তো ভাই না, আমি ফোন দেই কই আমার ভাই তো ফোন রিসিভ করে না। আমার মা ফোন দেয়, আমরা একটা ফোনের অপেক্ষায় থাকি। কাউকে তো দেখি না আমাদের খোঁজ নিতে, সবাই সবার মতো ব্যস্ত। আমরা অনেক আশা নিয়ে জুলাই সনদ ও গণভোটটার অপেক্ষায় ছিলাম। আমাদের এগুলো আপনারা নষ্ট করবেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কি আবেদন জানতে চাইলে তিনি বলেন, উনি যেন আমাদের জুলাই সনদ ও গণভোট সংসদে উপস্থাপন করেন। ভাইয়া এটা নষ্ট হতে দিয়েন না। সবকিছু আপনার হাতে। আপনি শুধু সংসদে বসে থাকেন। আপনি কিছু একটা করেন।

তিনি আরও বলেন, আপনি (তারেক রহমান) আমাকে বোন ডেকে ছিলেন, আপনার হয়তো খেয়াল নাও থাকতে পারে। কৃষি ইনস্টিটিউটে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি আমাকে ডাক দিয়েছিলেন, আপনার সঙ্গে অনেক কথা বলেছিলাম। কই ভাইয়া আমার মায়ের সঙ্গে তো কেউ দেখা করতে আসেনি।

সর্বশেষে শহীদের বোন বলেন, আমরা আন্দোলনে এসে ভুল করেছি। দেশের জন্য আমরা আর জীবন দিতে আসব না। দেশের জন্য কেউ জীবন দেবেন না। বাবা-মা, ভাইবোনদের কথা ভাববেন।