ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের বিকেলের মধ্যেই তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। আজ শেষ দিন হওয়ায় ইসি কার্যালয়ে প্রার্থীদের ভিড় ও ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হার অনুযায়ী এবার সংরক্ষিত ৫০টি আসন বণ্টন করা হয়েছে।
এর মধ্যে বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত ও ১১ দলীয় জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র মোর্চা ১টি আসন। সোমবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যেই বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ শরিক দলগুলোও তাদের ১৩ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ৫০টি আসনের বিপরীতে এ পর্যন্ত ৪৬৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইতিমধ্যে পাঁচজন হেভিওয়েট নারী প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—সানজিদা ইসলাম তুলি, নিলোফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী।
ইসির সময়সূচি অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের পরবর্তী ধাপে ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৬ এপ্রিল বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি হবে।
এ ছাড়া ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় থাকবে এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোট গ্রহণের প্রয়োজন হলে আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত আসনে সাধারণত দলগুলো তাদের জন্য বরাদ্দকৃত আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী দেয় না। ফলে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর কোনো আসনে একাধিক প্রার্থী না থাকলে প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে কোনো আসনে একাধিক প্রার্থী বহাল থাকলে ওই আসনে সংসদ সদস্যদের (এমপি) ভোটে বিজয়ী নির্ধারিত হবে।