নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বিবৃতি করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করতে যান। এসময় তিনি হোগলা ইউনিয়ন থেকে ফেরার পথে স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি পার্ক করেন। এ সময় প্রায় শতাধিক সন্ত্রাসী অতর্কিতে তার গাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে এবং মসজিদ ঘেরাও করে প্রায় ঘন্টাব্যাপী অধ্যাপক মাসুম মোস্তফার সাথে থাকা লোকজনসহ সবাইকে অবরুদ্ধ করে রাখে। আমরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে এখন একটি সংকট চলছে। এসময়ে যারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা দেশের স্থিতিশীলতা চায়না।
তিনি আরও বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার শামিল। পরিকল্পিতভাবে সংঘটিত এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে, দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতি এখনও পুরোপুরি নির্মূল হয়নি।
আমি অবিলম্বে এই বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।