প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের এক অমূল্য সম্পদ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের বিষয়ে কোনো ধরনের আপস না করার আহ্বান জানান এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং কর্মে, সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার নির্দেশনা প্রদান করেন।
গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক বিশেষ দরবারে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ৫ আগস্ট পরবর্তী অস্থির সময়ে প্রশাসনিক অচলাবস্থা নিরসনে এই বাহিনী যে অসাধারণ ভূমিকা পালন করেছে, তা দেশপ্রেমিক জনগণকে আশান্বিত করেছে। এ সময় দেশের জন্য একটি ‘আধুনিক ও সময়োপযোগী’ সশস্ত্র বাহিনী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছিল এবং সেই বিয়োগান্তক ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে তার সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গত দেড় দশকের শাসন ও শোষণের সময় সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তার সমালোচনা করে তিনি বাহিনীকে জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা সেনানিবাসের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সশস্ত্র বাহিনীর সর্বস্তরের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রাপ্য সন্মান ও পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, আপনারা দলমতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ভালোবাসবেন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেবেন। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।’
বাংলাদেশ এগোবে দেশপ্রেমের শক্তিতে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই দরবার থেকে আমি একটি বার্তা দিতে চাই, বাংলাদেশ এগোবে শৃঙ্খলা, সক্ষমতা, আত্ম মর্যাদা এবং দেশ প্রেমের শক্তিতে। আর সেই অগ্রযাত্রায় আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের গৌরবময় সশস্ত্র বাহিনীকে পাশে পেতে চাই।’
তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়েছে, সকল কাজে আমরা সেই উদ্দেশ্যকে সাথে রাখতে চাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইনশাআল্লাহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার, আধুনিক ও মর্যাদাপূর্ণ বাহিনী হবে।’
সকালে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনের মিলনায়তনের দরবারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মীর মুশফিকুর রহমান।
সশস্ত্র বাহিনীর প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি আপনাদের অবিচল থাকতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনো বিকল্প নেই। আধুনিক যুদ্ধ ক্ষেত্রকে শুধু প্রযুক্তি দিয়ে নয় বরং কৌশল এবং দক্ষতা দিয়ে মোকাবেলা করতে হয়। এর জন্য প্রয়োজনে অন্তত সমন্বয় এবং কৌশলগত চিন্তাশক্তির সংমিশ্রণ থাকতে হবে অবশ্যই। জনগণের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে আস্থা বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। এর ভিত্তিতেই গড়ে উঠবে এক অটুট বন্ধন। এই বন্ধনই আপনাদের শক্তি এবং প্রেরণা হিসেবে কাজ কর।’
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিক সশস্ত্র বাহিনীকে শুধু শেষ ভরসার আশ্রয় হিসেবেই দেখেন না। বরং সাহস, দৃঢ়তা এবং নির্ভরতার প্রতীক হিসেবেও তারা আপনাদেরকে দেখে। আপনাদের প্রতি জনগণের এই অকৃত্রিম আস্থা এবং ভালোবাসাই যেন আপনাদের অন্যতম চালিকাশক্তি ও অনুপ্রেরণা হয়ে ওঠে।’ তিনি বলেন, ‘দুর্নীতি, দায়িত্বে অবহেলা, অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে সর্বতভাবে বিরত রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে দেশের সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধ করা আমাদের সবার নৈতিক এবং পেশাগত দায়িত্ব। আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনকালে বিশেষত শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অবস্থায় বাংলাদেশের মর্যাদাকে সবার উপরে স্থান দিতে হবে। কারণ আপনি সেখানে শুধুমাত্র একজন সৈনিক নন। বরং বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে।’
সশস্ত্র বাহিনী একটি রাষ্ট্রের শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পেশাদারিত্বের প্রশ্নে কোন আপস না করে সশস্ত্র বাহিনীকে একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছেন তা যেন অক্ষুন্ন থাকে। ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষণা, ২১ নভেম্বর যৌথ সামরিক পূর্ণতা এবং ৭ নভেম্বর দেশপ্রেম ও পেশাদারিত্বের পুনর্জাগরণ, এই তিন অবিভাজ্য ধারা আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর ঐতিহ্যের মেরুদন্ড।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক দায়িত্ববোধ এবং দেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের প্রস্তুত রেখে এই বাহিনীর গৌরবোজ্জল ইতিহাস আগামী প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে টিকিয়ে রাখা আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার।’
দরবারে প্রধানমন্ত্রী গত আগস্ট পরবর্তী সময় থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও শান্তি রক্ষায় এই বাহিনীর অবদান বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
পরিশেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেমকে ধারণ করার এবং দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে জনগণের আস্থা অটুট রেখে কাজ করার জন্য সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এই বিশেষ দরবারে ঢাকা সেনানিবাসের সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন এবং ঢাকার বাইরের বিভিন্ন সেনানিবাসের সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র সশস্ত্র বাহিনী নয়, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে দেশের প্রতিটি সেক্টরের সংস্কার এবং উন্নয়ন সকল শ্রেণী-পেশার মানুষের অর্থ সামাজিক এবং জীবনমান উন্নয়নের লক্ষে সুনির্দিষ্ট নীতিমালা এবং কর্মসূচি প্রকাশ করা হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই পর্যায়ক্রমে।’
দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য স্থানে অবস্থানরত সদস্যগণ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করেন। দরবারে বক্তব্য দেবার পর সেনা কর্মকর্তা ও সৈনিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী।