২০০৮-৯ অর্থবছর হতে ২০২৪-২৫ অর্থবছরের শিক্ষা খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন ও প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ৷
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে শিক্ষামন্ত্রী একথা জানান।
এ সময় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০০৮-৯ অর্থবছর হতে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সময়ে শিক্ষা খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়সমূহ পর্যালোচনার জন্য তদন্ত কার্যক্রম গ্রহণের বিষয়ে সরকার নীতিগতভাবে গুরুত্বারোপ করেছে।
এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে উক্ত সময়কালের সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতাসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই করে একটি সমন্বিত প্রতিবেদন প্রণয়ন করা যায়।
তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে একটি শ্বেতপত্র প্রকাশের বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
তবে তদন্ত কার্যক্রমের পরিধি ব্যাপক হওয়ায় নির্দিষ্ট সময়সীমা এই মুহূর্তে নির্ধারণ করা সম্ভব নয়। তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে শ্বেতপত্র প্রণয়ন ও প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে