দেশের বাজারে আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন করে প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এর আগে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের পরিস্থিতি, আমদানি ব্যয়, দেশের বাজারে সরবরাহ এবং বিদ্যমান মূল্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ নির্ধারিত মূল্য ২০৪ টাকা। ফলে আগের তুলনায় প্রতি লিটারে ভোক্তাদের অতিরিক্ত ৫ টাকা গুনতে হবে।
চলতি বছর এর আগেও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। গত ২৯ এপ্রিল এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এর আগে দাম ছিল ১৯৫ টাকা। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১৮০ টাকা করা হয়েছিল। তবে পাম অয়েলের দাম তখনও অপরিবর্তিত রাখা হয়।
নতুন করে দাম বাড়ানোর ফলে মাত্র কয়েক মাসের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকায় দাঁড়াল। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বাড়তি দামের চাপ আরও বাড়বে বলে মনে করছেন ভোক্তারা।