ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে মনোনয়ন দৌড় জমে উঠেছে। এখন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ তালিকার সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের এই চিত্র তুলে ধরে ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, আগ্রহী প্রার্থীর সংখ্যা বাড়ছে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ এপ্রিল।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। এরপর আপিল ও নিষ্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত আসনের ভাগাভাগিও প্রায় স্পষ্ট। হিসাব অনুযায়ী বিএনপি ও তাদের জোট পেতে যাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের ভাগে যেতে পারে ১৩টি আসন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের একটি জোট একটি সংরক্ষিত আসন পেতে পারে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কোনো জোটে যুক্ত হচ্ছেন না বলে জানা গেছে।