সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

ডাকসু ভিপির হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ডাকসুর নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে আকদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন হওয়ার কথা রয়েছে।

ডাকসু ভিপির বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাকসুর নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিজেদের মধ্যে শেয়ার করছেন।

বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।