স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ইউনিসেফ কক্সবাজারের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদার এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার (৭ মে ) সন্ধ্যায় কক্সবাজারস্থ ইউনিসেফ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উভয় পক্ষ অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা সম্প্রসারণ, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
ইউনিসেফের পক্ষে সভায় উপস্থিত ছিলেন এডুকেশন ম্যানেজার ও চিফ অব ফিল্ড (ভারপ্রাপ্ত) মিস লুইস লিক এবং এডুকেশন অফিসার মিস তাজরীন জাহান। তারা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অংশীদারিত্বের প্রতি ইউনিসেফের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাউবির পক্ষে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। এ সময় ভিসি বলেন, দেশের সুবিধাবঞ্চিত শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও ক্ষমতায়নে ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে বাউবির চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বাউবি ও ইউনিসেফের মধ্যে এ সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং মানসম্মত, সমতাভিত্তিক ও সহজপ্রাপ্য শিক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও সমন্বয়ের জন্য ইউনিসেফ-বাউবির ফোকাল পয়েন্ট এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের ভূমিকাও প্রশংসিত হয়।