রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। সংগঠনটির উদ্যোগে প্রতি বিভাগে একজন ছাত্রী ও একজন ছাত্রকে মাসিক ২ হাজার টাকা করে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রুয়া’র ২য় কার্যনির্বাহী সভা শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর বিষয়ে আগে থেকেই চিন্তা করছিলাম। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে এই বৃত্তি কার্যক্রম শুরু করা হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি বিভাগে একজন ছেলে ও একজন মেয়েকে মাসিক ২০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।” সিনেট কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, “সিনেট শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। সিনেট বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা চাই এটি দ্রুত কার্যকর করা হোক।” এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন রুয়া সভাপতি। তিনি জানান, প্রতিটি হলে রিডিং রুমে এসি স্থাপন, রুয়া’র নিজস্ব ভবন নির্মাণ এবং ক্যাম্পাসে পুনরায় ৫টি ই-কার চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ই-কারে শিক্ষার্থীরা ফ্রিতে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে। রুয়া’র উদ্যোগে আগামী ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ অক্টোবর রি-ইউনিয়ন আয়োজনের সিদ্ধান্তও জানানো হয়। কার্যনির্বাহী সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) মো. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, রুয়া’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজাম উদ্দিন এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ সংশ্লিষ্টরা। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রুয়ার কর্মকর্তা ড. কেরামত আলী এমপি, রুয়া’র সেক্রেটারি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, ইমাজ উদ্দিন মন্ডল প্রমুখ।