নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।

জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং মেধাবী ও স্বল্প আয়ের পরিবারের মেয়েদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং জমি দান করেন। তবে বর্তমানে সেই লক্ষ্য থেকে কলেজটি অনেকটাই সরে গেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, কলেজটিতে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পরিচালনা কমিটি নেই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষকের পদ টিকিয়ে রাখতে নিজস্ব শিক্ষক-শিক্ষিকা প্যানেল বা সমর্থক গোষ্ঠী তৈরি করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের দায়িত্বে থাকার কারণে প্রধান শিক্ষক কলেজে কতটা সময় দিতে পারছেন—তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কারণে কলেজে অনিয়মিত উপস্থিতির অভিযোগও রয়েছে।

শিক্ষার্থীরা জানান, কলেজে উন্নত মানের পাঠদান ও প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। নেই ভালো মানের ক্যান্টিন কিংবা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত যাতায়াত সুবিধা। এর পরেও বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।