বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রাম ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সারাদেশের ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের এসএসসি প্রোগ্রামে ভর্তির সুযোগ প্রদান করা হয়। যেসব আবেদনকারীর জেএসসি/জেডিসি বা অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই, তারাও এ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলে এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, এ বছর মোট ৬,৮২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ জাফর আহাম্মদ।