ডাকসু নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলায় জড়িতদের তালিকা প্রমাণসহ ডাকসু গঠিত তদন্ত কমিটির রিপোর্ট গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ এবং সকল হলের প্রোভোস্টগণ উপস্থিত ছিলেন। প্রতিবেদন জমা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসুর পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো উক্ত ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন করতে হবে।

ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি ( Code of Conduct ) প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে।