ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের আপামর জনতার আত্মত্যাগ ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছি। এই স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা ত্যাগ, সাহস ও বীরত্বের অনন্য স্মারক। আলোচনায় তিনি আরো বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ২৪ এর গণআন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।