রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যালয় ভবনের ছাদের অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ষষ্ঠ শ্রেণির পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে সামিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বনিক নামে তিন শিক্ষার্থী আহত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ওই ভবনেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছিল। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি আগে থেকেই জানা ছিল এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বরাদ্দের অভাবে এখনো সংস্কার বা নতুন ভবন নির্মাণ সম্ভব হয়নি।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা বিকল্প নিরাপদ স্থানে পাঠদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।