‘আইপি অ্যান্ড স্পোর্টস রেডি সেট ইনোভেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুরে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এ কর্মসূচিতে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

সভায় ভিসি বলেন, মেধাস্বত্বের স্বীকৃতি ও সুরক্ষা গবেষক ও উদ্ভাবকদের অধিকার এবং বর্তমান বিশ্বে গবেষণা ও উদ্ভাবন টেকসই উন্নয়নের মূল ভিত্তি। তিনি আরও বলেন, মেধাস্বত্ব সম্পর্কে যথাযথ জ্ঞান ছাড়া উদ্ভাবনের স্বীকৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত করা কঠিন, তাই এ বিষয়ে সচেতনতা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাড়ানো জরুরি। বিশেষ অতিথি আইকিউএসির পরিচালক, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে মেধাস্বত্ব সংক্রান্ত আইন, নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক এবং এ ধরনের আয়োজন শিক্ষক ও গবেষকদের বাস্তব দিকনির্দেশনা দেয়। আইকিউএসির অতিরিক্ত পরিচালক, অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।