জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত না হলে পরীক্ষা গ্রহণ কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

ময়মনসিংহের একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভিসি জানান, পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের নৈতিক মানোন্নয়ন ছাড়া মানসম্মত পরীক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, অনিয়ম ও অসদুপায় বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

পরিদর্শনকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে ভিসি জানান, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে ভিসি ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবগঠিত আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।