গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদ্ভাবিত স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও চিকন আউশ ধানের নতুন জাত ‘জিএইউ ধান ৪’-এর উৎপাদন কৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর সদর উপজেলার প্রায় ৪০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। প্রফেসর ড. এম. ময়নুল হক ও প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম উদ্ভাবিত এ জাতের প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে দুই পর্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যেখানে তাত্ত্বিক আলোচনা ও মাঠে হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে চাষাবাদ, সার প্রয়োগ, রোগ-পোকা দমন ও ফসল সংগ্রহ বিষয়ে বাস্তব ধারণা দেওয়া হয়। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন পরিচালক বহিরাঙ্গন কেন্দ্র প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান। ট্রেজারার তাঁর বক্তব্যে বলেন, গবেষণার সফলতা তখনই আসে যখন তা কৃষকের মাঠে পৌঁছে যায়, ‘জিএইউ ধান ৪’ দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকনিক্যাল সেশনে প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম উৎপাদন কৌশল তুলে ধরেন এবং প্রো-ভিসি ধানটির উদ্ভাবন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ‘জিএইউ ধান ৪’ এর বীজ বিতরণ করা হয়। নতুন জাতের উচ্চ ফলন ও উন্নত মানের চিকন চাল উৎপাদনের সম্ভাবনায় কৃষকেরা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাঙ্গন
গাকৃবিতে ‘জিএইউ ধান ৪’ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদ্ভাবিত স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও চিকন আউশ ধানের নতুন জাত ‘জিএইউ ধান ৪’-এর উৎপাদন কৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।