বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর অধীনে পরিচালিত এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (০৭ মে ) সকালে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স কক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত বাউবি বর্তমানে আন্তর্জাতিক পর্যায়েও শিক্ষা কার্যক্রম বিস্তৃত করেছে। প্রবাসে অবস্থানরত অনেক শিক্ষার্থীও বাউবির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

ভিসি শিক্ষার্থীদের সত্য, ন্যায় ও নৈতিকতার চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাউবির ব্র্যান্ডিং জোরদার, অ্যালামনাই গঠন ও ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বাউবির সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়, তারা সবসময় বাউবি পরিবারের অংশ হয়ে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আইন শিক্ষা কেবল পেশাগত প্রস্তুতি নয়, এটি ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোঃ নাসির উদ্দিন, স্কুল অব ল-এর শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী ও আইনজীবীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।