স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) অ্যাকাডেমির কোর্সসমূহ কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মোঃ সালেহ আহমেদ এবং সিবিআইয়ের গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আলোচনায় সিএবিআই অ্যাকাডেমির আন্তর্জাতিক মানসম্পন্ন কনটেন্ট, বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা, অনলাইন লার্নিং সুবিধা ও স্বীকৃত সার্টিফিকেট প্রদানের বিষয়গুলো তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত প্রকাশ করা হয়। উন্মুক্ত আলোচনায় এসব কোর্স গাকৃবির শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির সম্ভাবনা ও পদ্ধতি নিয়ে ফলপ্রসূ আলোচনা শেষে এ বিষয়ে নীতিগত সম্মতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া সিবিআইয়ের সঙ্গে গাকৃবির ডিজিটাল হার্বেরিয়াম সংযুক্তকরণ, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, গবেষণা জার্নালে সাইটেশন অন্তর্ভুক্তি ও সনদ প্রদানসহ পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে ভিসি বলেন, বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়ক হবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।
উল্লেখ্য, সিএবিআই একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি অলাভজনক সংস্থা, যা বৈজ্ঞানিক জ্ঞান ও তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে কৃষি ও পরিবেশ খাতে টেকসই সমাধান উদ্ভাবনে কাজ করে যাচ্ছে।