স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় গভীর রাতে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় বাধা দিতে গিয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত পিরুজালী মধ্যপাড়া এলাকায় আনিসুর রহমানের বাড়িতে প্রবেশ করে। সে সময় বাড়ির কর্তা আনিসুর রহমান গাজীপুরের একটি প্রতিষ্ঠানে কর্মরত থাকায় বাড়িতে ছিলেন না এবং তার ছেলে নাজমূল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরীর দায়িত্বে ছিলেন।

দুর্বৃত্তরা প্রথমে ঘরে থাকা পুত্রবধূ আরিফা আক্তারকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় গৃহবধূ আসমা আক্তার ডাকাতদের বাধা দিলে তারা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ডাকাতদল ঘর তছনছ করে নগদ প্রায় তিন লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

বুধবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত আরিফা আক্তারকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জালাল উদ্দিন জানান, মধ্যরাতে নৈশ্য প্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের বাধা দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নয়ন কর বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো পরিকল্পিত ঘটনা-সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।