স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার আলোচিত হত্যা মামলার প্রায় তিন বছর পর অবশেষে মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। এ ঘটনায় জড়িত এজাহারনামীয় এক নম্বর আসামি শাওন মিয়াকে গ্রেফতার করা হয়েছে, যিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে সন্ধ্যায় মাসুদ রানা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথরোধ করে শাওন মিয়াসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা হামলাকারীদের নাম উল্লেখ করেন, যা আংশিকভাবে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে জিএমপি সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ ২ বছর ১০ মাসেরও বেশি সময় তদন্ত চলার পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। পরে পিবিআই গাজীপুর জেলার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকা থেকে গত ১২ এপ্রিল অভিযুক্ত শাওন মিয়াকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সামান্য ২০০ টাকার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ছুরিকাঘাতের ঘটনায় শাওন মিয়া নিহত মাসুদের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি আদালতে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মতি প্রকাশ করেছে।

অতিরিক্ত আইজিপি, পিবিআই মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধান এবং পুলিশ সুপার, পিবিআই গাজীপুর মোঃ আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় মামলাটির তদন্ত পরিচালিত হয়।

দীর্ঘদিনের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পিবিআইয়ের এ সাফল্যে সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও জোরদার হয়েছে।