সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ এবং ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিতরণের অভিযোগে আবুল কালাম আজাদ অলক নামে এক জ্বালানি ডিপো মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর এই অভিযান পরিচালনা করেন।
লাইসেন্সবিহীন এই ডিপো থেকে অভিযানকালে প্রায় ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং তা ট্যাগ অফিসারের তদারকিতে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমার নির্দেশ দেন আদালত। জানা গেছে, এর আগেও গত ২৯ মার্চ অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে একই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
এদিকে, এই অভিযান শেষে ফেরার পথে পবন তাইড় গ্রামে আব্দুল করীম নামে এক মাদকসেবীকেও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।