দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দেশব্যাপী জ্বালানি সংকট প্রতিরোধে এবং বাজারে কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে দাউদকান্দি উপজেলার বিভিন্ন সিএনজি পাম্পে দিনব্যাপী বিশেষ অভিযান ও তদারকি চালানো হয়েছে। অভিযানের মূল নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম,বিএসটিআই (ইঝঞও) প্রতিনিধি এবং পুলিশ সদস্যবৃন্দ। এতে জ্বালানির সঠিক ওজন নিশ্চিত করা, ভেজাল রোধ এবং কৃত্রিম সংকট প্রতিরোধকে গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযান চলাকালে দাউদকান্দির পেন্নাই গৌরীপুরে অবস্থিত ‘রাবেয়া সিএনজি পাম্প’-এ অনিয়ম ধরা পড়ে। ক্রয়-বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম অভিযানের উদ্দেশ্য স্পষ্ট করে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো কেউ যেন কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করতে না পারে। পাম্পগুলোতে জ্বালানির মান ও ওজন ঠিক আছে কিনা, তা আমরা নিয়মিত পরীক্ষা করছি। প্রয়োজনে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”