নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে সেই গোশত গরুর গোশত হিসেবে বিক্রির অপচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১২ মন ঘোড়ার গোশত জব্দ করা হয়।

গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাশেই গাজীপুর সুপারী বাগান এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান। অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া যায় এবং প্রায় ১২ মন গোশত জব্দ করা হয়। জব্দকৃত গোশত পরবর্তীতে মাটিতে পুঁতে নষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ, রুবেল ও রবিউল নামে তিনজনকে আটক করা হয়। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, একটি সুপারি বাগানে ঘোড়া জবাই করে গোশত বিক্রির প্রস্তুতি চলছে। পরবর্তীতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে সংশ্লিষ্টদের দণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘোড়ার গোশতকে গরুর গোশত বলে বিক্রির এমন অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বাজারে বিক্রিত গোশতের মান ও উৎস নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।