আদালতে দেয়া জবানবন্দীতে গ্রেফতারকৃত সুমন শেখ ও তানভীর চৌধুরী জানিয়েছে কিলিং মিশনে অংশ নিতেই ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলীসহ ৪/৫ সন্ত্রাসী ফুলতলার দামোদর পূর্বপাড়া ভৈবর নদীর পাথর ঘাটে অবস্থান নেয়। শনিবার বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খুলনা জেলার ফুলতলায় ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলীসহ দামোদর গ্রামের তরিকুল ইসলাম ওরফে সুমন ওরফে লাল শেখ ও ফুলবাড়ীগেট এলাকার তানভীর চৌধুরী ওরফে আপ্পানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার এস আই মো. শফিউজ্জামান বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা (নং-৫, তারিখ-২৮/০৩/২৬ইং) দায়ের করেন। দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয় ফুলতলার দামোদর পূর্বপাড়া বিদ্যুৎ অফিসের পূর্বপাশে ভৈবর নদীর বালুর ঘাটে ৪ জন সন্দেহজনকভাবে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই শফিউজ্জামান ও কনস্টেবল শুভ ঘোষ সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তানভীর চৌধুরী ওরফে আপ্পান ও তরিকুল ইসলাম সুমন ওরফে লাল শেখকে জাপটে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে ম্যাগজিনে ৩ রাউন্ড গুলীসহ ইউএসএ তৈরি ৭.৬৫ পিস্তল, ৬ রাউন্ড গুলীসহ পাকিস্থানের তৈরি একটি রিভলবার, ১টি দোনালা বন্দুক, দুইটা এ্যানড্রয়েড মোবাইল এবং রেজিস্ট্রেশন বিহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অস্ত্রসহ অন্য আসামীরা পালিয়ে যায়।
এদিকে পুলিশ শনিবার দুপুরে খুলনার আদালত ছ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলতাফ মাহমুদের খাস কামরায় গ্রেফতারকৃত দামোদর গ্রামের তরিকুল ইসলাম ওরফে সুমন শেখ ও ফুলবাড়ীগেট এলাকার তানভীর চৌধুরীকে হাজির করা হয়। সেখানে আসামীদ্বয় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দীতে তারা জানায়, তাদের কথিত গডফাদারের নির্দেশে কিলিং মিশনে অংশ নিতেই তারা দামোদর পূর্বপাড়া ভৈবর নদীর পাথর ঘাটে আগ্নেয়াস্ত্র ও গুলীসহ অবস্থান নেয়। মোবাইল ফোনের ওয়াটঅ্যাপে কিলিং মিশনে টার্গেটকৃত ব্যক্তির নাম ঠিকানা ও ছবি আসার অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে সাদা পোশাককে থানা পুলিশের এস আই শফিউজ্জামান ও কনস্টেবল শুভ ঘোষ ক্ষিপ্র গতিতে ৯ রাউন্ড গুলীসহ ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার ও ১টি দু’নালা কাটা বন্দুকসহ সুমন শেখ ও তানভীর চৌধুরীকে জাপটে ধরে বসে। ঘটনাস্থল থেকে কোমরে গুলী ভর্তি পিস্তলসহ দুই সন্ত্রাসী পালিয়ে যায় বলে জবানবন্দীতে উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।